Advertisement Banner
লন্ডন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেয়ের জন্মদিনে লুইপার বিশেষ উপহার ‘প্রজাপতি’

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

মায়াবী কণ্ঠে সুরেলা গানে শ্রোতাদের নতুন নতুন উপহার দিয়ে চলেছেন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। এবার নিজের মেয়ে পায়রার জন্মদিন উপলক্ষে ‘প্রজাপতি’ শিরোনামের একটি বিশেষ গান প্রকাশ করেছেন তিনি।

৫ সেপ্টেম্বর ছিলো লুইপা আদরের মেয়ে পায়রার জন্মদিন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মেয়েকে গানটি উপহার দিয়েছেন শিল্পী নিজেই। শুধু গানেই নয়, এর মিউজিক ভিডিওতেও মায়ের সঙ্গে মডেল হয়েছে ছোট্ট পায়রা।

সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন লুইপা। তিনি লিখেছেন, পায়রা তার অস্থির ও উড়ালপংখী জীবনে শান্তি ও স্থিরতা এনে দিয়েছে। মেয়ের উপস্থিতি তার জীবনকে আরও অর্থবহ করে তুলেছে। তাই পায়রাকে শুধু ‘পায়রা’ নয়, বরং একটি রঙিন ‘প্রজাপতি’ হিসেবে দেখেন তিনি। আর সেই ভাবনা থেকেই মেয়ের জন্মদিনে ‘প্রজাপতি’ গানটি উপহার দেওয়ার সিদ্ধান্ত।

গানটির পেছনের গল্পটিও বেশ আবেগঘন। ‘প্রজাপতি’র কথা লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। নিজের মেয়েকে ঘিরেই গানটির কথা লিখেছেন তিনি। লুইপা জানান, তার মৌলিক গানগুলোর মধ্যে ‘প্রজাপতি’ বিশেষ একটি জায়গা দখল করে থাকবে।

রবিউল ইসলাম জীবনও সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি জানান, তার কথায় লুইপার নতুন গান ‘প্রজাপতি’। মেয়ের জন্মদিন উপলক্ষে পায়রাকে গানটি উপহার দিয়েছেন লুইপা। মিউজিক ভিডিওতে মা-মেয়ে দুজনকেই ‘প্রজাপতি’ হয়ে উড়তে দেখা গেছে। নিজের মেয়ে মাইজাহ ইসলাম রিদাকে নিয়েই গানটির কথা লিখেছেন বলেও জানান এই গীতিকার।

‘প্রজাপতি’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাম্যব্রত দৃপ্ত। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি লুইপার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

মেয়ের জন্মদিনকে কেন্দ্র করে তৈরি এই গান শুধু একটি নতুন মৌলিক গান নয়, বরং মা-মেয়ের ভালোবাসা ও আবেগের একটি বিশেষ স্মারক হয়ে উঠেছে।

বিজ্ঞাপন
Footer Advertisement Banner