চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তির পর থেকেই দর্শক-নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত এই মিউজিক ভিডিওটি বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় প্রকাশ করা হয়।
ভিডিওটির শুরুতেই স্পোর্টস বাইকে চড়ে ভিন্নধর্মী লুকে হাজির হন জায়েদ খান। এরপর একে একে দেখা যায় দেশি-বিদেশি একাধিক নারী মডেলকে। সমুদ্রসৈকত, জাহাজ এবং সমুদ্রঘেঁষা সড়কসহ নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে ধারণ করা হয়েছে ভিডিওটির নানা দৃশ্য।
নাচ ও অভিনয়ের পাশাপাশি ‘শিকারি’তে গুরুত্ব দেওয়া হয়েছে দৃশ্যায়নের বৈচিত্র্যেও। বড় বাজেটের এই নির্মাণে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন টেকনিশিয়ান কাজ করেছেন। স্টেডিক্যাম অপারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এনরিক ক্যামাচো।
জায়েদ খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একাধিক আকর্ষণীয় স্থানে ভিডিওটির শুটিং হয়েছে। তার দাবি, ‘শিকারি’ শুধু একটি সাধারণ মিউজিক ভিডিও নয়; এতে রয়েছে ফিল্মি আবহ এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী।
বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত ভিডিওটিতে জায়েদ খানের সঙ্গে মডেল হিসেবে অংশ নিয়েছেন ইয়াসমিন। এছাড়া যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাকেও দেখা গেছে।
‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। প্রকাশের পর থেকেই ভিডিওটির লোকেশন, জায়েদ খানের নতুন লুক, নাচ ও নির্মাণশৈলী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের প্রতিক্রিয়া।
যুক্তরাষ্ট্রের নান্দনিক লোকেশন ও চলচ্চিত্রধর্মী উপস্থাপনার কারণে ‘শিকারি’ দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।